ব্রাহ্মণবাড়িয়ার
বিজয়নগরে আন্তঃজেলা ডাকাত দলের এক শীর্ষ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাজীপুর জেলার বাসন থানা
এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন নাজমুল হক (৩৩)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর
উপজেলার চানপুর এলাকার বাসিন্দা এবং শফিক মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বিজয়নগর থানার একটি ডাকাতি মামলার আসামিকে
গ্রেফতারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে
গাজীপুরে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের শীর্ষ সদস্য নাজমুল হককে আটক
করা হয়।
পুলিশ জানায়, নাজমুল হকের বিরুদ্ধে আদালতের দুটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
এছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে চুরি, ডাকাতি ও ডাকাতির
প্রস্তুতিসহ মোট সাতটি মামলার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশের
মিডিয়া উইং।
তানভীর ভুঁইয়া